জামায়াত আমিরকে নিয়ে সেলফি প্রসঙ্গে মন্তব্য করছেন রেজাউল করিম

লালমনিরহাটে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলনের আমিরের কড়া সমালোচনা

নিজস্ব প্রতিবেদক


বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তোলার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।


রেজাউল করিম বলেন, ‘আমরা তো কখনো বলিনি ছেলেরা সরে যাও, মেয়েরা এসে বসো। কিন্তু এক মুরুব্বি মানুষ বেপর্দা মেয়েদের পাশে বসে সেলফি তোলে। এটা ইসলামী আন্দোলনের রাজনীতিতে সম্ভব নয়।’ এ ধরনের আচরণকে তিনি ইসলামী আদর্শবিরোধী বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জান, মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। পাশাপাশি কোভিড-১৯ মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত মৃতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে দলটির নেতা-কর্মীরা।

রেজাউল করিম দাবি করেন, ইসলামী আন্দোলন সবসময় মানুষের দুঃসময়ে খাদেম হয়ে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও ইসলামী আদর্শ ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করবে না।

নির্বাচনী জনসভায় তার এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।