- দেশের ৪৯৫ উপজেলায় ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। বিশেষ করে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
দেশব্যাপী ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোট ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। উপজেলার পরিমাণ অনুসারে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) ও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে, যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। এছাড়াও, নিরাপত্তা জোরদারের জন্য বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে।
এই প্রস্তুতিমূলক ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ করতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
আরও দেখুন:-
সোশ্যাল মিডিয়া অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
সোশ্যাল মিডিয়া অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের