অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ বলে তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি
  • গণভোট ও নির্বাচন প্রসঙ্গে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, গত ১৬ বছর তার পরিবার ও দল যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তা ভুলে গেলে আবারও বিপদ অপেক্ষা করছে। তখন তাদের পাশে কেউ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের ওপর আগ্রাসী মনোভাব ভেঙে দেওয়া হয়েছে। এই নির্বাচন শুধু ভোট নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন। ১১ দলীয় ঐক্যজোটের শক্তি ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্র গঠনের কথা জানান।

নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করে ইসির কঠোর নির্দেশনির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, আচরণ বিধিমালা মানতে ইসির কঠোর নির্দেশ

তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলীয় জোট গঠিত হয়েছে। শাপলা ও বিডিআর হত্যাকাণ্ডসহ বিভিন্ন গণহত্যার বিচার দেশের মাটিতেই সম্পন্ন করা হবে বলে ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে।

ভোটারদের সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের নামে কোথাও কোথাও টাকা বিতরণ করা হচ্ছে। এসব প্রলোভনে ভোট বিক্রি করলে ভবিষ্যতে আবারও দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ও শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও দেখুন:-

জামায়াত আমির শফিকুর রহমানের টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভজামায়াত আমির শফিকুর রহমানের টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ