গণভোটে ‘হ্যাঁ’ ও নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ের আহ্বান ডা. শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে দেওয়া বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দলের রাষ্ট্র সংস্কারভিত্তিক ভিশন দেশবাসীর সামনে তুলে ধরেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রথম দিন ফজর নামাজ পড়েই তার দল দেশের কল্যাণে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে।
একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দেশবাসীকে পাঁচটি বিষয়ে ‘হ্যাঁ’ এবং পাঁচটি বিষয়ে ‘না’ বলার আহ্বান জানান। ‘হ্যাঁ’-এর তালিকায় তিনি সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের কথা উল্লেখ করেন। অপরদিকে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে শিক্ষা, বিচার বিভাগ ও অর্থনীতিকে রাষ্ট্র সংস্কারের প্রধান তিন খাত হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বিচার বিভাগে সৎ ও মেধাবীদের নিয়োগ দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা হবে।
নারীদের মর্যাদা ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে নারীরা সমাজ ও রাষ্ট্রের মূলধারার নেতৃত্বে ভূমিকা রাখবেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ ভয়ের মধ্যে থাকবে না এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।
গণভোট প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বাস্তবায়নের জন্য এই গণভোট গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহজ করা এবং সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতের কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যের একপর্যায়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যের শেষাংশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না : তারেক রহমান
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না : তারেক রহমান