স্বচ্ছ ভোট নিশ্চিতে নারী কর্মকর্তার উপস্থিতিতে পরিচয় যাচাইয়ের প্রস্তাব, জালভোটের আশঙ্কায় সতর্ক বিএনপি
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বোরকা ও নিকাব ব্যবহার করে জালভোট দেওয়ার চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির দাবি, দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ বোরকা ও নিকাব তৈরির খবর পাওয়া যাচ্ছে, যার উদ্দেশ্য খতিয়ে দেখা জরুরি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল এবং নারীর পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অংশ হলেও এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা পরিচয়ে জালভোট দেওয়ার চেষ্টা হলে তা চরম অনৈতিক ও নিন্দনীয় হবে।
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সন্দেহজনক ভোটারদের পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে মাহদী আমিন বলেন,
“এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে মুখমণ্ডল অনাবৃত করা হয়, ঠিক সেভাবেই নারী প্রিসাইডিং কর্মকর্তা বা নারী পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে। পর্দার মর্যাদা রক্ষা করেই আমরা স্বচ্ছ ভোট নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, মাঠের বাস্তবতায় সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও দাবি করেন তিনি।
স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ বাদে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সিপিডি
স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ বাদে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সিপিডি